30/07/2025
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বচ্ছতার অভিযান,
ঝাড়ু ধরলেন মহারাজ হৃষিকেশানন্দজী।
জয় বিশ্বাস, সোনারপুর - গতকাল জন শিক্ষণ সংস্থান রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর এবং হাওড়া জন শিক্ষণ সংস্থানের যৌথ উদ্যোগে প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ স্বচ্ছতার অভিযান, কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উক্ত স্বচ্ছতার অভিযানের শুভ সূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ হৃষিকেশানন্দজী। শুধুমাত্র শুভ সূচনাই নয়, তিনি ছাত্রছাত্রীদের সাথে নিজের হাতে ঝাড়ু তুলে নেন, এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের দুগ্ধ খামার সহ আশপাশের বেশ কিছু এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন। প্রশিক্ষণরত ছাত্রছাত্রীদের পাশাপাশি এই কর্মসূচিতে মুখ্য ভূমিকায় ছিলেন জন শিক্ষণ সংস্থান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালক ড.বাদল চন্দ্র দাস এবং হাওড়া জন শিক্ষণ সংস্থানের পরিচালক শ্রী নরোত্তম রায় মহাশয় সহ দুই জন শিক্ষণ সংস্থানের একাধিক শিক্ষক শিক্ষিকা এবং কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত সরকারের কৌশল বিকাশ ও উদ্যমিতা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় জন শিক্ষণ সংস্থানের অধীনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে মাত্র ৫০ টাকার বিনিময়ে ছাত্র ছাত্রীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে, একাধিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে। স্বনির্ভর হওয়ার এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে সেলাই এর প্রশিক্ষণ, ইলেকট্রিকের প্রশিক্ষণ, বিউটিশিয়ানের প্রশিক্ষণ সহ একাধিক প্রশিক্ষণ। এবং প্রশিক্ষণের পরে বিভিন্ন সুনামী প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়।
গতকাল জন শিক্ষণ সংস্থান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম এবং হাওড়া জন শিক্ষণ সংস্থানের এই স্বচ্ছতার অভিযানে দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক ব্লক যেমন ক্যানিং , জয়নগর,বারুইপুর, মথুরাপুর, সোনারপুর, নরেন্দ্রপুর এবং হাওড়া জেলার বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া থেকে শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং কর্মীরা সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন।
হাওড়া জন শিক্ষণ সংস্থানের পরিচালক শ্রী নরোত্তম রায় বলেন যে, ''ভারত সরকারের কৌশল বিকাশ ও উদ্যমিতা মন্ত্রণালয়ের নির্দেশে, ধারাবাহিক ভাবে স্বচ্ছতার অভিযান চলছে, তারই একটি অংশ হিসেবে আমরা আজ যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করলাম''। তিনি আরো বলেন ''এই সাফাই কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতার বার্তা এবং চেতনা বৃদ্ধির একটি প্রয়াস নিয়েছি"। অন্যদিকে জন শিক্ষণ সংস্থান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালক ড. বাদল চন্দ্র দাস বলেন যে, "এই কর্মসূচির মাধ্যমে আমরা যুব সমাজের মধ্যে স্বচ্ছ স্বভাব, স্বচ্ছভাবে জীবন যাপন এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার একটি প্রয়াস গ্রহণ করেছি"।