16/07/2025
কথা বলার একটা অদ্ভুত জাদুকরী ক্ষমতা আছে। প্রতিদিন নিয়ম করে কথা বলা শুরু করো, দেখবে তার জন্য একটা অদ্ভুত টান অনুভব করবে --- সে বন্ধু হোক ,প্রেমিক হোক, আত্মীয় বা অনাত্মীয় যেই হোক । আর এই টান তোমাকে এমনভাবে আষ্টেপিষ্টে বেঁধে ফেলবে যে তুমি সেখান থেকে বেরাতেই চাইবে না। কোন কারণে যদি একদিন কথা বলা না হয় ,তুমি ভিতরে ভিতরে ছটফট্ করতে থাকবে। প্রতিদিনকার ঘটা সামান্যতম ঘটনাও যদি তোমার বলা বাকি থেকে যায়, তাহলে তুমি ব্যাকুল হয়ে উঠবে সেটা বলার জন্য। তার ওপর তোমার একটা অধিকার বোধ জন্ম নেবে।
আসলে কোন একটা জায়গায় আমরা বড় একা, আর এই একাকিত্বের জায়গাটাই অনেকখানি পূরণ করে দেয় কথা।
কথা কোনদিন না ফুরালেও কথার সেই আকর্ষণ ক্ষমতাটা একটা সময় কমে আসে। যার ফলেই সম্পর্কে ধরে চিড়, আর সেটা বাড়তে বাড়তে ঘটে ভাঙ্গন ।এই ভাবেই প্রেমের সম্পর্ক ভাঙ্গে, স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাঙ্গে ,আর ভাঙ্গে বন্ধুত্ব। কথাই পারে তোমাকে কাছে ধরে রাখতে , বিশ্বাস জোগাতে ।আবার এই কথার আঘাতেই তুমি হও ক্ষতবিক্ষত !
কথার ইতিবাচক শক্তি যেমন একজনের মনের জোর বাড়ায় ,সাহস যোগায়, ভালোবাসতে শেখায়, বিশ্বাসী করে তোলে তেমনি এর নেতিবাচক শক্তিও মারাত্মক। কথার বিষে বিষাক্ত করে তোলে মন -- জন্ম নেয় ঘৃণার। আর এই কথাই মানুষের আত্মবিশ্বাসকে ভেঙে চুরমার করে দিতে পারে।
কথা বলা বন্ধ হলে দুটি মানুষ পাশাপাশি থাকলেও দূরত্ব তৈরি হয়ে যায়, একাকীত্ব চলে আসে। আর এই মানসিক চাপ থেকেই চলে আসে ডিপ্রেশন। তাই কথা বলার প্রতি সকলের সচেতন থাকা উচিত, কারণ কথা বলা সহজ কথা নয়।
ইতিকনা ঘোষ
Itikana Ghosh