27/08/2026
খড়্গপুরের ছিনতাই-গ্যাংকে পাকড়াও করল পুলিশ, কিনারা বেলদার খুনেরও
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: গত তিন-চার মাস ধরে খড়্গপুর শহরের বিভিন্ন প্রান্তে চলছিল চুরি-ছিনতাইয়ের ঘটনা। খোদ খড়্গপুর টাউন থানার অদূরেও মহিলার হার ছিনতাই করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে ঘটে যাওয়া এমনই ছ'টি ছিনতাইয়ের কিনারা করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ’টি সোনার হার। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মে থেকে আগস্ট মাসের মধ্যে খড়্গপুর শহরের বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ একটি ছিনতাইকারী গ্যাংয়ের সন্ধান পায়। মোট ছ’টি ছিনতাইয়ের ঘটনায় ওই গ্যাংয়ের সদস্যরা জড়িত ছিল।
পুলিশ সুপার জানান, ধৃতদের মধ্যে একজনের নাম সুরজ কাহার। বাকি দু’জন নাবালক। প্রত্যেকেই খড়্গপুর শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ছ’টি সোনার হারের মধ্যে দু'টি সোনার দোকান থেকে এবং বাকি চারটি ধৃতদের বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই গ্যাংয়ের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, বুধবার বেলদায় যুবকের মৃতদেহ উদ্ধারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল জেলা পুলিশ।
বুধবার সকালে বেলদা থানার সাঞ্যাপাড়া এলাকায় জাতীয় সড়কের পাশে, রেললাইনের ধার থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুন করে মৃতদেহ ফেলে রাখা হয়েছিল রেললাইনের ধারে। উদ্দেশ্য ছিল, গোটা ঘটনাটিকে নিছক ট্রেন দুর্ঘটনা হিসেবে প্রমাণ করা। কিন্তু, পুলিশি তদন্তে ভেস্তে যায় সেই ছক। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম শুভকান্ত বস্তিয়া (৩৭)। তাঁর বাড়ি ভুবনেশ্বর। তাঁকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সনাতন দলুই নামে এক যুবককে। তার বাড়ি ঝাড়েশ্বর এলাকায়। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, মৃত যুবকের পকেট থেকে একটি মোটরসাইকেলের চাবি পাওয়া যায়। সেই চাবির সূত্র ধরেই তদন্তে সাফল্য মেলে।
The Bengal Post Paschim Medinipur District Police