29/04/2023
দিল্লীর আমন্ত্রণে প্রথম পাড়ি!
স্বপ্নের উড়ানে স্বপ্ন পূরণ!!
নাহ! জীবনে দুটো বিষয় আমার এখনও পর্যন্ত করা হয়নি। এক, ফ্লাইটে কখনও কোথাও ট্রাভেল করা হয়ে ওঠেনি, প্রয়োজন পড়েনি সেই অর্থে। আর দুই, একা কলকাতার বাইরে কোথাও যাওয়া হয়নি। আজ দুটোই হতে চলেছে, এবং একইসাথে। আগামীকাল, দিল্লী যাচ্ছি, দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভাল এ্যাটেন্ড করতে। আমার ফিল্ম JUXTAPOSITION, এবারের দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালে মনোনীত হয়েছে, এবং আগামীকাল দিল্লীতে প্রদর্শিত হতে চলেছে। ফেস্টিভাল কমিটি থেকে আমন্ত্রন পত্র পেয়েই তাই আর দেরী করিনি। সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিট কেটে ফেলি।
এক কথায় বিভিন্ন দিক থেকে এ আমার এক স্বপ্ন পূরণের দিন! তাই, সবার সাথে শেয়ার না করে পারলাম না! জীবনে পড়াশোনা বা চাকরি বাকরির কারনে কখনও বাইরে যেতে চাইনি, কোনোদিন সেই ইচ্ছেটুকুও বিন্দুমাত্র হয়নি। ভেবেছিলাম বাইরে যদি যেতেই হয়, তবে গানবাজনা বা সিনেমার জন্যেই যাবো, এবং যদি যাই তবে প্রথমবার ফ্লাইটেই যাবো, এবং একাই যাবো, প্রথমবার হলেও একাই যাবো, এবং ফ্লাইটের ফেয়ারটা নিজের খরচেই করবো। জানিনা কেন, এরকম একটা ইচ্ছে ছিল। এক ফোঁটাও মিথ্যে বলবো না, চাকরি হোক অর্থাৎ বাইরের কোনও কোম্পানি বা গান বাজনা অর্থাৎ বাইরের কোনও শো বা সিনেমা অর্থাৎ বিভিন্ন ফিল্ম ফেস্টিভালের জন্যে যে বাইরে যাওয়ার সুযোগ হয়নি তা একদমই নয়। কিন্তু ঐ, ইচ্ছে করেনি, বা সেভাবে গা করিনি বা প্রয়োজন মনে করিনি, তাই আর হয়ে ওঠেনি। তবে আজ আর নিজেকে আটকাতে পারলাম না! নিজের কাজ, নিজের সৃষ্টি, নিজের ছবির জন্যে দিল্লী থেকে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভালের এতো সুন্দর এই আমন্ত্রণ অস্বিকার করতে পারলাম না! উড়ান যখন দেবই, তবে তা স্বপ্নের উড়ান হোক! যে স্বপ্নের কানায় কানায় শুধু প্যাশন আর ভালোবাসা ভরে থাকে! জীবনের প্রথম উড়ান চিরকাল মনে রাখার মতো করে তৈরী করতে চেয়েছিলাম। এবং আজ, তা সত্যি হয়ে ধরা দিল।
আর হ্যাঁ! আমি রোববার, অর্থাৎ আগামীকাল সকালে যাচ্ছি, এবং আগামীকালই রাতেই ফিরে আসছি। তার জন্যেই যে ফ্লাইটে ট্রাভেলটা করা। হুম্! দু-একদিন হয়তো আরও সময় নিতে পারতাম, একটু ঘুরতে পারতাম বা আসতে ধিরেও ট্রেনে একদিন করে সময় নিয়ে যেতে আসতেই পারতাম। কিন্তু পরেরদিনই, অর্থাৎ সোমবার আমার অফিস আছে। অফিস অফ করতে পারবো না। উঁহু! কেউ আমায় যে জোর করবে বা প্রয়োজন পরলেও অফিস অফ করা বারণ, এমনটা একদমই নয়। এটা আমার একান্ত ব্যাক্তিগত কমিটমেন্ট। আমার জীবনের পরবর্তী ধাপ, বা পরবর্তী সময়ের ব্যস্ততা বা পরিস্থিতির কথা আজ বলতে পারব না, তবে এই মুহূর্তের জন্যে আমায় যে প্রমান করতেই হবে… যত্ন করে, ভালোবেসে চাকরি করেও, অফিস করেও সবকিছু করা যায়, ভালোবাসা আর ইচ্ছেশক্তি থাকলে সবই সম্ভব হয়।
সবশেষে, সমস্ত আদর আর ভালোবাসা জানাই ইশ্বর আর আমার মা বাবাকে। আজ তাদের জন্যেই আমার এই দিন দেখতে পাওয়া, তথা স্বপ্নের পথে পাড়ি দেওয়া প্রথম উড়ান। অজস্র ধন্যবাদ জানাই আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী সুন্দর মানুষগুলোকে, যারা প্রথম থেকে নিরন্তর আমার স্বপ্নকে ভালোবেসে প্রশ্রয় দিয়েছে, আমার কাজ এবং আমায় আশীর্বাদ, শুভকামনা, স্নেহ আর ভালোবাসা দিয়েছে… জীবন পথে এগিয়ে যেতে আমায় অবিরাম সাহস যুগিয়েছে। প্রত্যেকের অপার এবং নিঃস্বার্থ ভালোবাসার কাছে চিরঋণী হয়ে থেকে গেলাম।
- Ppreetom Das