07/08/2026
আগামী 26 আগস্ট হাইলাকান্দিতে পালিত হবে বিশ্ব নবীর জন্মদিন।
আগামী ২৬ আগস্ট হাইলাকান্দিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব নবী হযরত মুহাম্মদ-এর পবিত্র জন্মদিন (ঈদে মিলাদুন্নবী) উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত-এর যৌথ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২৬ আগস্টের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং একাধিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সকল মসজিদ ও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়াও, ভিচিংচা থেকে মাটিজুরি পয়েন্ট পর্যন্ত শহরের প্রধান সড়কের বেহাল অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়। বক্তারা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। সড়কের করুণ অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাই জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের জন্য জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি আলহাজ জিরাজ উদ্দিন লস্কর, সভাপতি তৈয়বুর রহমান লস্কর, সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম মীরা, জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি আলহাজ জামিল হোসেন লস্কর, সম্পাদক জাহিদুল আলম বড়ভূইয়া, সহ-সম্পাদক মজনু হোসেন লস্কর, জাইদুল হাসান লস্কর, মহিম উদ্দিন হাজারী, হাফিজ দিলোয়ার হোসেন লস্কর, হাফিজ জাকির হোসেন লস্কর, হাফিজ আলিম উদ্দিন লস্কর, হাফিজ নইম উদ্দিন লস্কর, হাফিজ আব্দুল জব্বার লস্কর, সাহারুল আহমদ, জাকির হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।