17/09/2026
সোলো ট্রিপে গোটা বিশ্ব ঘোরেন তিনি। ভিডিয়ো করেন। আপলোড করেন ইউটিউবে। কেরালার এই তরুণীকে ‘ব্যাকপ্যাকার অরুণিমা’ নামেই চেনে নেটিজ়েনরা। কিন্তু আফগানিস্তানে গিয়ে বিপদে পড়লেন। মেয়ে হয়ে একা একা ঘোরার ‘অপরাধে’ ট্রাভেল ব্লগার অরুণিমাকে গ্রেপ্তার করল তালিবানরা। অনেক কাঠখড় পুড়িয়ে শেষে ছাড়া পান তিনি।
জানা গিয়েছে, কিছুদিন আগে ভারত থেকে আফগানিস্তান সফরে গিয়েছিলেন অরুণিমা। কিন্তু বামিয়ানে তাঁকে আটকে দেয় মুজাহিদিনরা। কিছু বুঝে ওঠার আগেই ‘গ্রেপ্তার’ করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে ভারতীয় দূতাবাসের সাহায্য চান তিনি। অবশ্য জনপ্রিয় ট্রাভেল ব্লগারের গ্রেপ্তারি নিয়ে কোনও মন্তব্য করেনি দূতাবাস। প্রায় ঘণ্টা তিনেক পরে ছাড়া পান তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে অরুণিমার দাবি, একা ঘোরার জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আফগানিস্তানের আইন অনুযায়ী, কোনও মহিলা একা ভ্রমণ করতে পারেন না। প্রতিটি প্রদেশে যাতায়াতের জন্য আলাদা করে পারমিটও নিতে হয়। অরুণিমার কথায়, ‘যেহেতু আমি মহিলা তাই আমাকে কোনও দপ্তর থেকেই পারমিট দিচ্ছিল না।’ তার পরেও একাই ঘুরছিলেন তিনি।
অরুণিমা জানিয়েছেন, তাঁকে বামিয়ানে পৌঁছতে সাহায্য করেছিলেন এক ব্যক্তি। গ্রেপ্তারির খবর পেয়ে তিনিই তালিবানদের গোটা বিষয়টা খুলে বলেন। অরুণিমার দাবি, প্রথমে তাঁর কাছে মোটা টাকা জরিমানা চাওয়া হয়। তালিবানরা জানিয়েছিল, তিনি এতদিন বিনা অনুমতিতে এক প্রদেশ থেকে আর এক প্রদেশে ঘুরে বেরিয়েছেন, তাঁকে টাকা দিতে হবে। শেষে অরুণিমা জানান, তিনি আফগানিস্তান ছেড়ে উজবেকিস্তান চলে যাচ্ছেন। তখন তাঁকে ছাড়া হয়।
গ্রেপ্তারির কয়েক ঘণ্টাকে ‘নরক’ বলে বর্ণনা করেন অরুণিমা। তাঁর কথায়, ‘জীবন বাঁচাতে হাতে-পায়ে ধরেছিলাম। যেন নরকযন্ত্রণা ভোগ করছি। মনে হচ্ছিল, যে কোনও মুহূর্তে বড় কোনও বিপদ হতে পারে।’ আফগানিস্তানে ঢোকার পর থেকে বোরখা পরেছিলেন বলেও জানিয়েছেন অরুণিমা। কিন্তু তাঁর আক্ষেপ, ‘তার পরেও একাধিক জায়গায় জিজ্ঞাসাবাদ করে। কোনও লাভ হয়নি।’
#বাংলাখবর #ভ্রমণ #সোলোট্রিপ #ভ্রমণব্লগার