11/08/2026
ভাগীরথীর ভাঙনে শিব মন্দির রক্ষায় তৈরি ‘মন্দির বাঁচাও কমিটি’
পূর্বস্থলী: ভাগীরথীর ভয়াবহ ভাঙনের কবলে ঐতিহ্যবাহী শিব মন্দির। মন্দিরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে এবার গড়ে উঠল ‘মন্দির বাঁচাও কমিটি’। রবিবার বিকেল নাগাদ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী কমলনগর ঘাটে ভাগীরথীর তীরে আনুষ্ঠানিকভাবে এই কমিটির সূচনা হয়।
জানা গিয়েছে, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাজেদা পঞ্চায়েতের কমলনগর ভাগিরথীর ঘাটের পাড়ে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ইটালিয়ান টালি দিয়ে একটি শিব মন্দির তৈরি করা হয়েছিল। একজন ঠিকাদার চার বছর আগে এই মন্দিরটি তৈরি করেছিলেন। গত এক বছর ধরে ভাগীরথীর ভাঙ্গনে এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে সনাতনী সংগঠনের বেশ কিছু ব্যক্তিরা। তারা ভারত সেবাশ্রম সহ বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
সম্প্রতি ওই মন্দির রক্ষার উদ্যোগে ভারতের বেশ কয়েকটি সনাতনী সংগঠনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরই স্থানীয়দের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে। এদিন শঙ্খধ্বনির মধ্য দিয়ে ‘মন্দির বাঁচাও কমিটি’র আনুষ্ঠানিক সূচনা করেন সোমনাথ মহারাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি গৌর ঘোষ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং স্থানীয় বাসিন্দারা। ভাগীরথীর ভাঙনে মন্দিরটি ক্রমশ বিপদের মুখে পড়ায় দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সভাপতি গৌড় ঘোষ বলেন, বিষয়টি জানার পরেই আমি ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ করি, বিস্তারিত বর্ণনা করি মন্দিরটির। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন সংস্কার করা সম্ভব। এরপরও বিভিন্ন সাধু-শান্ত সহ সনাতনী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছি। সকলেই শিব মন্দিরটি সংস্কার করার জন্য আর্থিক সহযোগিতা করতে চান বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
স্থানীয়দের বক্তব্য, ভাঙন অব্যাহত থাকলে আগামী দিনে মন্দিরের অস্তিত্বও সংকটের মুখে পড়তে পারে। তাই প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতায় মন্দিরটিকে রক্ষার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।
এদিনের কর্মসূচির মধ্য দিয়ে মন্দির রক্ষার আন্দোলন আরও জোরদার করার বার্তা দেন উদ্যোক্তারা।