Wabi-Sabi Days

Wabi-Sabi Days Finding beauty in ordinary days. Soft thoughts • real feelings • quiet moments
Because little things matter 😍
🇧🇩 | 🇯🇵
(57)

24/08/2026

এক কাপ চা, আর একটু শান্তি...

চা শুধু একটি পানীয় নয়, অনেকের কাছে এটি দিনের সবচেয়ে সুন্দর বিরতি। ব্যস্ততার ভিড়ে এক কাপ গরম চা যেন নিজেকে একটু সময় দেওয়ার অজুহাত।

কখনও জানালার পাশে বসে বৃষ্টির শব্দের সঙ্গে, কখনও প্রিয় মানুষের গল্পে....
আবার কখনও একেবারে একা...এক কাপ চা প্রতিটি মুহূর্তকে আলাদা করে মনে রাখার মতো করে তোলে।

বলুন তো, এক কাপ চা আপনার কাছে কীসের অনুভূতি নিয়ে আসে?

রাত তখন ২টা…আমরা সবাই গভীর ঘুমে। হঠাৎ মোবাইলে ভূমিকম্পের এলার্ম বেজে উঠল। যারা এই এলার্ম কখনও শোনেননি, তাদের শব্দটা বোঝা...
23/08/2026

রাত তখন ২টা…

আমরা সবাই গভীর ঘুমে। হঠাৎ মোবাইলে ভূমিকম্পের এলার্ম বেজে উঠল। যারা এই এলার্ম কখনও শোনেননি, তাদের শব্দটা বোঝানো কঠিন। একটা অদ্ভুত আতঙ্ক যেন মুহূর্তেই গ্রাস করে নেয়।

আমার মাথায় প্রথম যে কথাটা এলো—“এত রাতে…!” আর ঠিক পরক্ষণেই শুরু হলো ভূমিকম্প।

এলার্মের শব্দে আমার ছোট্ট মেয়ের ঘুম ভাঙে... আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরি। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কী হচ্ছে, কিছুই বুঝতে পারছে না।

৫ তলার বিল্ডিংটা এমনভাবে দুলছিল, জীবনে কখনও এমন অনুভব করিনি। ঘরের প্রতিটি জিনিস কাঁপছে, বাইরে একের পর এক গাড়ির এলার্ম বেজে উঠছিল। কয়েক সেকেন্ডের সেই সময়টুকু আমার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল, “এবার বুঝি বিল্ডিংটা একদিকে হেলে পড়বে।”

সত্যি বলতে, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল—আমি আর জাপানে থাকতে চাই না।

ভূমিকম্প থামার পর মেয়েকে জিজ্ঞেস করলাম, “ভয় পেয়েছ?” ও শুধু মাথা নেড়ে জানিয়ে দিল, তারপর আবার অন্যপাশ ফিরে ঘুমিয়ে গেল। ছোট্ট মানুষগুলো হয়তো আমাদের চেয়ে অনেক দ্রুত ভয় ভুলে যেতে পারে। 😢

এরপর তাড়াতাড়ি করে বোনকে মেসেজ দিলাম। বুঝতে পারছিলাম না ওদের দিকেও ভূমিকম্প হয়েছে কি না, তাই এত রাতে আগে কল দিইনি। ওর রিপ্লাই ছিল মাত্র এক লাইন—“আমি জাপান থাকবো না।”

তারপর ফোন করলাম। ভয়ে ওর কণ্ঠ কাঁপছিল। ওকে এমন ভয় পেতে শুনে আমারও খুব খারাপ লাগছিল।

আমাদের তিন বোনের মধ্যে ও সবসময়ই সবচেয়ে ভীতু। ছোটবেলায় বাসার কিচেনের পাশেই ছিল ওয়াশরুম। রাতে একা যেতে ভয় পেত। আমাদের কাউকে না কাউকে ডাকত। আমরা বিরক্ত হয়ে বলতাম, “দরজাটা খুলে রাখ, আমরা রুম থেকেই দেখছি।” এখনো সে এমন ভীতু আছে

জাপানে থাকলে ভূমিকম্পের কথা সবাই জানে। তবু যখন মাঝরাতে নিজের চোখের সামনে সবকিছু কাঁপতে থাকে, তখন বইয়ের তথ্য আর বাস্তবের অনুভূতির মধ্যে যে কত বড় পার্থক্য, সেটা শুধু সেই মুহূর্তে থাকা মানুষই বুঝতে পারে।

আল্লাহর কাছে শুধু একটাই দোয়া—আমাদের সবাইকে নিরাপদে রাখুন। প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, সেটা এমন কয়েক সেকেন্ডই মনে করিয়ে দেয়। তাই প্রতিটি শান্ত সকাল, প্রতিটি স্বাভাবিক রাত—আসলে কত বড় একটি নিয়ামত, সেটা হয়তো আমরা শুধু এমন মুহূর্তের পরেই বুঝতে পারি।

Wabi-Sabi Days
Tokyo, Japan🌸

20/08/2026

One day, made of many little moments.
Nothing extraordinary, just a day lived with love, little pauses, and everyday routines.
These ordinary days quietly become the memories I treasure most.

একদিন আমার মেয়ে বড় হয়ে যাবে… কিন্তু ওর মুখে বলা এই ছোট্ট শব্দগুলো হয়তো আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে। Little words,...
19/08/2026

একদিন আমার মেয়ে বড় হয়ে যাবে… কিন্তু ওর মুখে বলা এই ছোট্ট শব্দগুলো হয়তো আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে।

Little words, little moments… but the biggest memories of a mother’s heart.

মাশাআল্লাহ, এখন আমার মেয়েটা আস্তে আস্তে বাংলা আর জাপানিজ—দুই ভাষাতেই কথা বলার চেষ্টা করছে।

আর এখন ওর সবচেয়ে প্রিয় প্রশ্ন—
“এটা কী?”
“এটার নাম কী?”
"なにこれ?"

সারাদিন এই প্রশ্নেরই যেন শেষ নেই 🤦‍♀️

আজ হঠাৎ মনে হলো, ওর এই আধো আধো উচ্চারণগুলো লিখে রাখি। কারণ জানি, সময়ের সঙ্গে সঙ্গে এই দিনগুলোও বদলে যাবে। আজ যে শব্দগুলো শুনে হাসি, একদিন হয়তো সেগুলোই শুধু স্মৃতির পাতায় রয়ে যাবে।

ওর ছোট্ট শব্দের অভিধান—

আলহামদুলিল্লাহ = আ...আ...
পানি = মাই
ভাত = ভাপ
ব্রকলি = বু
গাড়ি = গো গো
স্কুল = উক্কুল
আইসক্রিম = আক্কাম
মাংস = কাবু
পরোটা / রুটি = বুই
চশমা = চশাম
চুল = চু
কম্পিউটার = কমো
মোবাইল = মোয়াইল
প্যান্ট = ফীন
টুপি = টুকি
Yellow = উলুলু
আগামীকাল = আগা
গল্প= গপ্প

একদিন ও সব শব্দ ঠিকভাবে বলতে শিখবে। তখন আর “মাই”, “টুকি” বা “উলুলু” শুনতে পাবো না। কিন্তু এই ছোট্ট সময়টা, এই মিষ্টি ভুলগুলো, আর ওর নিজের তৈরি ভাষাটা—আমার কাছে সবসময় এক টুকরো ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে।

Wabi-Sabi Days
Tokyo, Japan🌸

জাপানের এই গ্রীষ্মকালীন ছুটিতে আমরা সবাই মিলে পরিকল্পনা করেছিলাম Shirahama Beach ঘুরতে যাওয়ার। সেই অনুযায়ী সব প্রস্তুতিও...
17/08/2026

জাপানের এই গ্রীষ্মকালীন ছুটিতে আমরা সবাই মিলে পরিকল্পনা করেছিলাম Shirahama Beach ঘুরতে যাওয়ার। সেই অনুযায়ী সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু যাওয়ার আগের দিন থেকেই শুরু হলো টাইফুন আর মুষলধারে বৃষ্টি।

তবুও পরিকল্পনা বাতিল না করে রওনা দিয়েছিলাম। কিন্তু মাঝপথে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। এতটাই ভারী বৃষ্টি হচ্ছিল যে কয়েকটি এলাকায় হঠাৎ বন্যার মতো অবস্থা তৈরি হয়। নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত আমাদের পরিকল্পনা বদলাতে হলো।

তাই গন্তব্য পরিবর্তন করে আমরা রওনা দিলাম Kyoto-র উদ্দেশ্যে।

মাঝে মাঝে জীবনের সবচেয়ে সুন্দর ভ্রমণগুলো পরিকল্পনা অনুযায়ী হয় না। অল্প সময়ের এই সফরেও আলহামদুলিল্লাহ কিয়োটোর অনেক সুন্দর জায়গা দেখার সুযোগ হয়েছে। শেষে মনে হলো, গন্তব্য বদলেছে ঠিকই, কিন্তু সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফেরাটাই আসল পাওয়া।

শপের এই কর্নার টা দারুণ লাগে আমার কাছে... তাই ভাবলাম আজকে ইন্টারেস্টিং কিছু আপনাদের সাথেও শেয়ার করি😊জাপানে টাকা উপহার দে...
11/08/2026

শপের এই কর্নার টা দারুণ লাগে আমার কাছে... তাই ভাবলাম আজকে ইন্টারেস্টিং কিছু আপনাদের সাথেও শেয়ার করি😊

জাপানে টাকা উপহার দেওয়ারও একটা আলাদা সংস্কৃতি আছে

জন্মদিন, বিয়ে, শিশুর জন্ম, স্কুলে ভর্তি, নতুন বাড়ি—প্রায় প্রতিটি আনন্দের উপলক্ষের জন্য আলাদা ডিজাইনের খাম পাওয়া যায়।

মজার বিষয় হলো, শুধু ডিজাইনই নয়, খামের ফিতার (水引 - Mizuhiki) ধরনও উপলক্ষ অনুযায়ী বদলে যায়।

* বিয়ের খামে এমন গিঁট ব্যবহার করা হয় যা সহজে খোলা যায় না। এর অর্থ—এই সম্পর্ক যেন একবারই বাঁধা পড়ে, বারবার না।
* জন্মদিন বা ভর্তি অনুষ্ঠানের খামে এমন গিঁট থাকে যা আবার বাঁধা যায়। কারণ এমন আনন্দ জীবনে বারবার ফিরে আসুক—এই কামনা।

আরেকটি ছোট্ট কিন্তু সুন্দর নিয়ম হলো, খামের ভেতরে নতুন ও পরিষ্কার নোট রাখা ভদ্রতা হিসেবে ধরা হয়। বিশেষ করে বিয়েতে কুঁচকানো বা পুরোনো নোট না দেওয়ার চেষ্টা করেন অনেকেই।

শোকের অনুষ্ঠানের জন্যও আবার সম্পূর্ণ আলাদা রঙ, আলাদা খাম এবং আলাদা ধরনের ফিতা ব্যবহার করা হয়।

Wabi-Sabi Days
Tokyo, Japan🇯🇵

বোনের বাসায় বেড়াতে এলাম....ওদের নতুন সংসারপ্রতিবারই এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগে—দেখি, ওরা একটু একটু করে নিজেদের ম...
09/08/2026

বোনের বাসায় বেড়াতে এলাম....ওদের নতুন সংসার

প্রতিবারই এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগে—দেখি, ওরা একটু একটু করে নিজেদের মতো করে ঘরটা গুছিয়ে নিচ্ছে। কখনো একটা নতুন কর্নার ,কখনো ছোট্ট কোনো সাজসজ্জা বা সংসারের প্রয়োজনীয় কিছু একটা।

এসব ছোট ছোট পরিবর্তনের মধ্যেই নতুন সংসারের গল্প লুকিয়ে থাকে। আমার এসব দেখতে খুব ভালো লাগে। কারণ একটা সংসার তো একদিনে তৈরি হয় না। ধীরে ধীরে, সামর্থ্য আর ভালোবাসা মিলিয়ে, একটু একটু করে নিজের মতো করে গড়ে ওঠে। এসব আমাকে নিজের সংসারের শুরুর দিনগুলো মনে করিয়ে দেয়।

আজকের দুপুরের আয়োজনও ছিল একদম ঘরোয়া আর ভীষণ মজার। সব খাবারই দারুণ লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে, প্রথমবার নিজের হাতে দই বানিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আর মজার হয়েছে যে বুঝতেই পারিনি এটা ওর প্রথম চেষ্টা।

জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো হয়তো এমনই—ছোট ছোট পরিবর্তন, আন্তরিক চেষ্টা আর প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া কিছু সাধারণ মুহূর্ত। একদিন পিছন ফিরে তাকালে, ঠিক এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মনে পড়বে🥹

07/08/2026

আজকের আকাশটা দেখলে মনে হবে, এর চেয়ে সুন্দর দিন আর কী হতে পারে! নীল আকাশ, তুলোর মতো সাদা মেঘ… একদম ছবির মতো।

কিন্তু সকালে মেয়েকে স্কুলে দিয়ে আসতেই সেই সুন্দর দৃশ্যের রোমান্টিকতা মুহূর্তেই উড়ে গেল। এই কয়েকদিন ধরেই এমন চলছে। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু গরম যেন একটুও কমার নাম নেই।

দেখতে সুন্দর হলেই সবকিছু উপভোগ্য হয় না। কিছু জিনিস চোখকে ভীষণ শান্তি দেয়, কিন্তু বাস্তবে তার সঙ্গে মানিয়ে নেওয়াটা বেশ কঠিন।

কিছু সৌন্দর্য শুধু দূর থেকে দেখতেই ভালো লাগে, খুব কাছে গেলে তার কঠিন দিকটাও টের পাওয়া যায়। বাইরের রূপ আর ভেতরের অনুভূতি সবসময় এক হয় না।

মেয়েকে স্কুলে দিয়ে প্রথমেই নিজেকে ছোট্ট একটা ট্রিট দিলাম—এক কাপ কোল্ড কফি। আর কাপটা… কতটা কিউট, তাই না?সিজনের সঙ্গে সঙ্গ...
04/08/2026

মেয়েকে স্কুলে দিয়ে প্রথমেই নিজেকে ছোট্ট একটা ট্রিট দিলাম—এক কাপ কোল্ড কফি। আর কাপটা… কতটা কিউট, তাই না?

সিজনের সঙ্গে সঙ্গে কাপের ডিজাইনও বদলে যায়। এখন Summer, তাই সূর্যমুখীর ডিজাইন। এমন ছোট ছোট বিষয়গুলোও আমার ভীষণ ভালো লাগে।

কফিটা নিয়ে গিয়ে একটু দোলনায় বসলাম। মৃদু বাতাস ছিল তাই ভালোই লাগছিল আবহাওয়া টা। এরপর সুপারশপ থেকে প্রয়োজনীয় গ্রোসারি শপিং সেরে, আশেপাশের রাস্তাগুলো ধরে হাঁটতে হাঁটতে বাসায় ফিরলাম। পথে যা কিছু চোখে সুন্দর লেগেছে, সেগুলোই ক্যামেরায় ধরে রাখলাম।

বাসায় ফিরে আবার সেই পরিচিত রুটিন—রান্নাবান্না, ঘর গোছানো, আর নিত্যদিনের কাজ।

তবে দিনের সবচেয়ে সুন্দর অংশ ছিল অনেকদিন পর নিজের মতো করে একটু সময় কাটানো। ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো খুঁজে নেওয়া, আর সেগুলোকে ছবিতে বন্দী করে রাখা যা আমি আগে প্রায়ই করতাম। এখনকার বাস্তবতা ভিন্ন 😢

03/08/2026

ভিডিওতে লেখা “My Therapy” দেখে হয়তো অনেকে ভাববেন, বেকিংই বুঝি আমার থেরাপি!

আসল গল্পটা কিন্তু একদমই অন্যরকম

কেক বানানো? Therapy তো দূরের কথা, আমি তো মনে মনেও ভাবি না যে আমি কেক বানাচ্ছি! এই কাজের জন্য যে ধৈর্য, নিখুঁততা আর সাহস লাগে, তার খুব বেশি কিছুই আমার মধ্যে নেই 😅

তবে অন্য ধরনের বেকিং—যেমন চিকেন বান, পিজ্জা, কিংবা সব উপকরণ একসাথে নিয়ে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে মাফিন বানানো—এসব পর্যন্ত আমি বেশ আনন্দ নিয়েই করি।

আর সেই মাফিন আমি আর আমার মেয়ে এমন মজা করে খাই যে, সেটা দেখে মেয়ের বাবা অবাক হয়ে তাকিয়ে থাকে! 🤣 তবে না, খুশিতে না! উনি ভাবেন, “এভাবে চামচ দিয়ে মিশিয়েও কেউ এত আনন্দ নিয়ে খেতে পারে?” কারণ উনি আবার বিটার দিয়ে পারফেক্ট করে মিক্স করার দলে 😂

তাই সব কথার শেষে, আমার জন্য “My Therapy” আসলে এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রাখা, স্মৃতিগুলো ধরে রাখা।

আর এমন সুন্দর চিজকেক বানানো? ওটা আমার ছোট বোনের Therapy🤍 সে দারুণ দারুণ কেক বানায়, আর আমরা সেগুলো আনন্দ করে খাই। ওকে এত ভালোবেসে, মন দিয়ে বেক করতে দেখলে বুঝি—এটাই ওর সবচেয়ে প্রিয় কাজ...মাশাআল্লাহ।

তবে নতুন কোনো কিছু বানালেই একটা আফসোস থেকেই যায়… আব্বু-আম্মু আর ছোট্ট বোনটাকে খুব মনে পড়ে। ইশ, যদি সবাই একসাথে বসে খেতে পারতাম 🥹

住所

Toda-shi, Saitama

ウェブサイト

アラート

Wabi-Sabi Daysがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ショートカット

  • 住所
  • アラート

共有する