16/09/2026
কিছুদিন আগে একটা শব্দের সঙ্গে পরিচয় হলো—Hedonic Adaptation।
সহজ করে বললে, মানুষ খুব দ্রুত নতুন কিছুর সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।
শব্দটা জানার পর হঠাৎ মনে হলো, এটাই তো আমার জীবনেও বারবার ঘটেছে। জীবনে যত বড় বড় পরিবর্তন এসেছে, শুরুতে সেগুলো নিয়ে কতটা উত্তেজনা ছিল, কত আন্তরিক দোয়া ছিল সবকিছু ঘিরে। মনে হতো, “এটা পেলেই হয়তো আমি সবচেয়ে সুখী মানুষ হতে পারবো।”
পছন্দের মানুষের সঙ্গে বিয়ে, জাপানে আসা, মা হওয়া, নিজের ছোট্ট সংসার, মেয়ের প্রথম হাঁটা, প্রথম “মা” ডাকা… প্রতিটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি। অথচ সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোই জীবনের স্বাভাবিক অংশ হয়ে গেছে।
এখন অনেক দিন এমন যায়, যখন শুধু দায়িত্বটাই চোখে পড়ে। ক্লান্তিটাই বেশি অনুভব হয়। কী কী করা বাকি, সেটাই বেশি ভাবি। অথচ যেটাকে আজ এত সাধারণ মনে হচ্ছে, একসময় সেটার জন্যই আল্লাহর কাছে কতবার হাত তুলেছিলাম।
মাঝে মাঝে পুরোনো ছবি দেখি, কিংবা পুরোনো কোনো স্মৃতি হঠাৎ সামনে চলে আসে। তখন মনে হয়, সেই সময়ের আমি যদি আজকের আমাকে দেখতে পেত, হয়তো অবাক হয়ে বলত, “তুমি তো ঠিক সেই জীবনটাই বেঁচে আছো, যেটার জন্য একসময় এত দোয়া করতে।”
ভেবে দেখলাম জীবনে দিনদিন সুখ কমে যাচ্ছে ব্যাপার টা এমন নয়, আমরা শুধু ধীরে ধীরে তার সঙ্গে অভ্যস্ত হয়ে যাই। যে নেয়ামতগুলো একসময় মনে হতো জীবনের সবচেয়ে বড় পাওয়া, সেগুলোই একসময় এত স্বাভাবিক হয়ে যায় যে, আলাদা করে আর খেয়ালই করি না।
তাই নিজেকে বারবার মনে করিয়ে দিতে চাই—কৃতজ্ঞতা যেন শুধু মুখের “আলহামদুলিল্লাহ” না হয়। হৃদয়েও যেন সেই অনুভূতিটা বেঁচে থাকে। কারণ আজ যা আমার কাছে একেবারে সাধারণ, একসময় সেটাই ছিল আমার সিজদার সবচেয়ে আন্তরিক দোয়া।
আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তাঁর দেওয়া নেয়ামতগুলোর মূল্য কখনোই আমার হৃদয় থেকে কমিয়ে না দেন। যেন অভ্যস্ত হয়ে গিয়ে আমি সেগুলোর সৌন্দর্য আর গুরুত্ব ভুলে না যাই।
Wabi-Sabi Days
Tokyo, Japan🌸