26/08/2026
মানবতার মুক্তির দূত মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । তিনি রাহমাতুল্লিল আলামিন বা সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ। তাহার জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত দিন আরবি তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখ। আজ সেই মহিমান্বিত ও পবিত্র দিন। তাই বিশ্ব মুসলিম উম্মাহর নিকট এই দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ।
রবিউল আউয়াল হিজরী বর্ষের তৃতীয় মাস। আরবি বারোটি মাসের মধ্যে প্রতিটি মাস কোনো না কোনো ভাবে সম্মানিত। তদ্রুপ ১২ রবিউল আউয়ালের জন্য এ মাসটি অতি সম্মানিত ও আনন্দের। গুরুত্ব এবং মর্যাদার দিক থেকে এ মাসে ঈমানদার মুসলমান ও আশেকে রাসূলগনের অন্তরে নবী প্রেমের এক মহা সমুদ্রের জোয়ারের ন্যায় ঢেউ খেলে। প্রাক-ইসলামী যুগে আরবেন যখন চরম উচ্ছৃঙ্খলতা, পাপাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়ায় ভরপুর, নানা অপকর্ম, অন্যায়-অপরাধ, দ্বন্ধ-সংঘাত, মারামারি-হানাহানি, সন্ত্রাস-নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল। ধর্মের নামে সর্বত্র বিরাজ করছিল শিরক, কুফর আর ধর্মহীনতা। নারী সমাজ পরিণত হয়েছিল ভোগ্যপণ্য সামগ্রীতে। তাদের ব্যবহার করা হতো আসবাবপত্রের মতো। তাদের ছিল না কোনো অধিকার, ছিল না কোনো মর্যাদা ও সম্মান। কন্যা সন্তান হলে জীবন্ত মাটিতে পুতে ফেলা হতো, যেটা আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের যুগ নামে পরিচিত ছিল, ঠিক ওই সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে হযরত মুহাম্মদ (সা.) সারা জাহানের হিদায়েতের জন্য আবির্ভূত হলেন। বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরুপ রাসূল (সা.) কে মহান আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন।