07/13/2026
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছেন দেশটির সাবেক ফুটবলার ও বিশ্লেষকরা। তবে তারা একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন, লিওনেল মেসির আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল, যিনি অতীতে লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলে প্রশংসা করেছিলেন, এবার ইংল্যান্ডের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
তিনি বলেন, "আমরা জানি আর্জেন্টিনার শক্তি কোথায়। কিন্তু আমার মনে হচ্ছে, আমরাই তাদের হারাব। ভেতর থেকে আমি সেটাই অনুভব করছি।"
অন্যদিকে, ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল আলোচনায় এনেছেন আর্জেন্টিনার দুই সেন্টার-ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজকে।
নেভিলের মতে, এই জুটি একই সঙ্গে বিশ্বের সেরা এবং সবচেয়ে অনিশ্চিত ডিফেন্স জুটিগুলোর একটি।
তিনি বলেন, "এক মুহূর্তে ওরা বিশ্বের সেরা ডিফেন্ডারের মতো খেলবে, আবার পরের মুহূর্তেই এমন ভুল করবে, যা বিশ্বাস করা কঠিন।"
তবে সমালোচনার পাশাপাশি তাদের মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন নেভিল। তার মতে, রোমেরো ও মার্তিনেজ কখনো কখনো ঝুঁকিপূর্ণ ভুল করলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ ট্যাকল, হেড বা গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
বিশ্লেষকদের মতে, ইংল্যান্ডের আক্রমণভাগের গতি, মিডফিল্ডের ভারসাম্য এবং সাম্প্রতিক পারফরম্যান্স দলটিকে কিছুটা এগিয়ে রাখছে। তবে আর্জেন্টিনার বড় শক্তি তাদের অভিজ্ঞতা, লড়াকু মানসিকতা এবং বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য।
ফলে সেমিফাইনালের আগে কাগজে-কলমে ইংল্যান্ডকে সামান্য এগিয়ে রাখলেও, দুই বিশ্বশক্তির এই লড়াইয়ে ফল নির্ধারণ করবে মাঠের পারফরম্যান্সই। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কে উঠবে ফাইনালে, সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।