04/28/2026
ফিলাডেলফিয়া পত্রিকার শুভ সূচনা
ওহাইও সংবাদ : ফিলাডেলফিয়া থেকে প্রকাশিতব্য “ফিলাডেলফিয়া পত্রিকা” ২৭ সদস্যের একটি বহুমাত্রিক ও শক্তিশালী টিম নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সাংবাদিক, কবি, লেখক, নাট্যকার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, শিক্ষক, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই টিম একটি মানসম্মত, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।
পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল ইসলাম আরিফ। কমিউনিকেশন কোঅর্ডিনেটর আব্দুল হাফিজ চৌধুরী, ডেস্ক মডারেটর জোহরা খাতুন কলি এবং ওভারঅল কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন আহমদ সায়েম। টিমে আরও যুক্ত রয়েছেন প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমদ, কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর, ড. ইবরুল চৌধুরী, ডা. ফাতেমা আহমেদ, প্রফেসর খায়ের মোহাম্মদ মিঞা, সাদেক মিয়া কাপ্তান, কামরুল হাসানসহ আরও অনেকে।
বাংলা নববর্ষ ১৪৩৩-এর ১২ বৈশাখ (২৫ এপ্রিল ২০২৬) পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীরের মাধ্যমে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এই শুভ সূচনা ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল সরল কিন্তু প্রাণবন্ত। স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতি আয়োজনকে তাৎপর্যপূর্ণ করে তোলে। বক্তারা দলনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগের সফলতা কামনা করেন।
“ফিলাডেলফিয়া পত্রিকা” প্রতিশ্রুতি দিচ্ছে—দলনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। মতের ভিন্নতা ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য থাকলেও সত্যের প্রতি দায়বদ্ধতা থাকবে অটুট।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও কমিউনিটির সমর্থনে “ফিলাডেলফিয়া পত্রিকা” প্রবাসী বাংলা ভাষাভাষীদের একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পাবে।