21/09/2026
দক্ষিণ আফ্রিকার জোহানার্সবার্গের ফোর্ডসবার্গের জনপ্রিয় আল মক্কা রেষ্টুরেন্টের দীর্ঘসময়ের কর্মী দেলোয়ার হোসেনের ইন্তেকাল ও দাফন সম্পন্ন
নোয়াখালী (কবিরহাট):
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গের অত্যন্ত পরিচিত নাম আল মক্কা রেষ্টুরেন্টে দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে গত দুই বছর পূর্বে অসুস্থ হয়ে দেশে ফেরেন দেলোয়ার হোসেন। তিনি আল মক্কা রেষ্টুরেন্টের মালিক নিজাম উদ্দিনের ছোট ভাই এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম আশ্রাফপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মজিবুল হকের ছোট ছেলে।
গত বেশ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করে অবশেষে গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের শেষ জানাজায় অংশগ্রহণ করতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে দেলোয়ারের নিজ গ্রামে উপস্থিত হন—কুমিল্লা কমিটির সভাপতি শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি ইমরান আলী বাবুল, মোশাররফ হোসেন, সেলিম, আবদুল কুদ্দুসসহ বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, সকল প্রবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তারা।
মরহুমের জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
প্রবাসজীবনে তার সততা, কর্মনিষ্ঠা ও সজ্জন আচরণ সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।