03/08/2026
‘বাংলা সাহিত্যের নানান কথা’ গ্রন্থটি কোনো তথ্যনির্ভর প্রবন্ধ সংকলন নয়৷ এই গ্রন্থটি একজন তরুণ কবি ও গদ্যকারের নিবিড় অন্বেষণের ফসল। এক দশশের বেশি সময় ধরে গদ্যকার সুপ্রিয় গঙ্গোপাধ্যায় প্রতিনিয়ত লিখে চলেছেন বাংলা সংবাদপত্রে, লিখেছেন শতাধিক পত্র-পত্রিকা ও জার্নালে। তা থেকে বাছাই করা ডজন খানেক প্রবন্ধ এই গ্রন্থে স্থান পেয়েছে। কিন্তু কী আছে এই গ্রন্থে? আমরা জানি, বাংলার সামাজ-সাহিত্য ও সংস্কৃতির বুকে বৈষ্ণবীয় ধারা নিয়ে বিস্তর চর্চা হলেও ব্রাত্য থেকে গেছে শৈব ভাবধারা। কিন্তু শৈব থেকে কীভাবে আসছে বৈষ্ণবীয় ধারা— তার উত্তর খুঁজেছেন লেখক। পাশাপাশি লেখক পাঠকের সামনে আনতে চেয়েছেন সেই সমস্ত নারীদের, যাঁরা বাংলা সাহিত্যে প্রথম কবিতা, নাটক, প্রবন্ধ, ভ্রমণকথা ও গদ্যসাহিত্য লিখে সাহিত্যকে আলোকিত করেছেন; অথচ চর্চার অভাবে তাঁরাই আজ অন্ধকারে নিমজ্জিত। লেখক তুলে ধরেছেন সেই সমস্ত অনামা আলোকপ্রভার সৃষ্টিগুলিকে, বিশ্লেষণের আলোকে এনে খুঁজতে চেয়েছেন তাঁদের সমকাল, সমাজ ও পরিস্থিতি। গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে তৃপ্তি মিত্র, রবীন্দ্র ভট্টাচার্যের মতো গুরুত্বপূর্ণ অথচ কম চর্চিত নাটককারের নাটকের গভীর বিশ্লেষণ। এই গ্রন্থে মুখ্য হয়েছে প্রান্তিক মানুষের কথা ও তাঁদের শ্রেণিসংগ্রামের কথা। কাব্যিক গদ্যে যুক্তির জালে ও বহুরৈখিক বিশ্লেষণে পাঠকের চিরাচরিত চিন্তাভাবনার স্তরকে পালটে দেওয়াই এই গ্রন্থের উদ্দেশ্য।