09/12/2026
জামায়াতের লংমার্চ নিয়ে কিছু কথা না বলেই নয়। পুরো কর্মসূচিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এটি আসলে লংমার্চ, নাকি একটি আনন্দভ্রমণ? দীর্ঘ পথ পাড়ি দেওয়া, দলবদ্ধভাবে ছবি-ভিডিও করা, স্লোগান দেওয়া সবই ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটিতেই যেন ঘাটতি ছিল লক্ষ্যটা কী, দাবি কী এবং শেষ পর্যন্ত অর্জনটা কী? একটি রাজনৈতিক লংমার্চ শুধু মানুষের ঢল কিংবা মিছিলের আকার দিয়ে সফল হয় না। এর পেছনে থাকতে হয় সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য, নির্দিষ্ট দাবি, কার্যকর কর্মসূচি এবং জনগণের সামনে পরিষ্কার বার্তা। অথচ এই লংমার্চে সেই জায়গাগুলোই সবচেয়ে বেশি অস্পষ্ট বলে মনে হয়েছে। কোথাও মনে হয়েছে জনসমর্থনের শক্তি প্রদর্শনের চেষ্টা, কোথাও আবার মনে হয়েছে দলীয় কর্মীদের একত্রিত করার আয়োজন। কিন্তু সাধারণ মানুষের কাছে প্রশ্ন থেকেই যায়—কিসের জন্য এই লংমার্চ? কী পরিবর্তন চাওয়া হচ্ছে? সরকারের ওপর কী চাপ তৈরি করা হলো? আর এই কর্মসূচির পর বাস্তবে কী হবে?